২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজের বিরুদ্ধে অবিচারকসুলভ আচরণের অভিযোগ

ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ নূরুন নাহার বেগম শিউলির বিরুদ্ধে অবিচারকসুলভ আচরণের অভিযোগ এনেছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ নূরুন নাহার বেগম শিউলির বিরুদ্ধে অবিচারকসুলভ আচরণের অভিযোগ এনেছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী। হাই কোর্টের আদেশের প্রতি ‘অশ্রদ্ধা’ প্রদর্শন, আদালতের বার্ষিক ছুটির মাসে মামলার তারিখ নির্ধারণ, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারসহ কয়েকটি বিষয়ে আইনজীবীরা ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এসব অভিযোগ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। ওই আইনজীবীরা ঢাকা বার এবং আদালত পাড়ার সাংবাদিকদের বলেন, বিষয়টি ওই বিচারককে তারা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। কিন্তু বিচারক তাদের কোনো কথাই শুনতে চাননি। উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তারা। প্রায় পঁচিশ বছর ধরে আইন পেশায় নিয়োজিত সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই আদালতে তার দুটি মামলা রয়েছে। যার নম্বর দায়রা ১৯৬৩/১২ এবং ১৯৬৪/১২। গত ২৮ জুন দুই মামলারই বিচার কাজ তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেয় হাই কোর্ট । পরে ১২ অগাস্ট ওই স্থগিতাদেশ আরো চার মাসের জন্য বাড়ানো হয়। সে অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা। নিয়ম অনুযায়ী স্থগিতাদেশের মেয়াদ শেষের পরের দিন বিচারিক আদালতে মামলার পরবর্তী তারিখ নির্ধারিত হওয়ার কথা। কিন্তু ডিসেম্বরে আদালতের বার্ষিক ছুটি। বিশেষ কয়েকটি আদালত ছাড়া এ আদালতসহ অপর আদালতগুলো ওই সময় বন্ধ থাকে। সে জন্য পরবর্তী তারিখ নির্ধারিত হওয়ার কথা ছুটি শেষ হওয়ার পর, অর্থাৎ আগামী বছরের জানুয়ারিতে। কিন্তু বিচারক নূরুন নাহার বেগম শিউলি আসামী পক্ষের এ আইনজীবীর কোনো কথাই না শুনে আগামী ১২ ডিসেম্বর মামলা দুটির তারিখ রাখেন। আদালতের ছুটির দিনে তারিখ রাখার বিষয়টি বিচারককে বুঝিয়ে বলতে গেলে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানান আইনজীবী আহমেদ গাজী । ভুক্তভোগী এ আইনজীবী আরো অভিযোগ করেন, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদালতে বিচারাধীন একটি দায়রা মামলার কার্যক্রম (মামলা নম্বর-৬৩১০/১১) হাই কোর্ট স্থগিত করেছে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর। ওই দিন হাই কোর্ট স্থগিতাদেশের মেয়াদ আবারো বাড়ায়। হাই কোর্টের ওই আদেশের সত্যায়িত কপি (সইমুহুরি নকল) সংগ্রহ করে তা দাখিলের জন্য গত ৬ নভেম্বর সময় চাওয়া হলে সে সময় আবেদন নাকচ করে দেন ওই বিচারক। অপর একটি মামলার নথিসূত্রে জানা যায়, এ আদালতে বিচারাধীন তার একটি দায়রা মামলা (মামলা নম্বর ৭২৬/১২) চলতে পারে না মর্মে একটি রিট আবেদন করা হয়। গত ২০ জুন হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করে। সেইসঙ্গে ওই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়। হাই কোর্টের এ আদেশের কপি পাওয়ার পর বিচারক নূরুন নাহার বেগম শিউলি মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন ২৩ সেপ্টেম্বর। এর আগেই হাইকোর্ট স্থগিতাদেশের মেয়াদ আরো একদফা বাড়িয়ে দেয়। দ্বিতীয় স্থগিতাদেশের সত্যায়িত কপি পেতে দেরি হওয়ার বিষয়টি আইনজীবী অভিযোগ গঠনের শুনানির দিন লিখিতভাবে বিচারককে জানান। কিন্তু এই বিচারক হাই কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আসামিদের জামিন বাতিল করে দেন। মামলাটির বিচারকাজ স্থগিত হওয়ার বিষয়টি অবহিত করার পরও জামিন বিষয়ে বিচারিক আদালতের কোনো আদেশ দেয়া ঠিক হয়নি বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সংবিধান অনুযায়ী উচ্চতর আদালতের আদেশ নি¤œ আদালতের মেনে চলার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। হাই কোর্ট কোনো মামলা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার আদেশ দিলে পরবর্তী আদেশের জন্য নিম্ন আদালতের যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করা উচিৎ। তা না হলে হাই কোর্টের আদেশকে অসম্মান করা হয়। এটা দীর্ঘদিনের রেওয়াজও বটে। “আর রুল জারি করা হলে সে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালত অপেক্ষা করবে এটিই স্বাভাবিক রীতি। বিচারক নূরুন নাহার বেগম শিউলি বিচারকাজে খাম খেয়ালিপনা করে হাই কোর্টকে অসম্মান করেছেন।” অবশ্য এ প্রসঙ্গে বোরহানউদ্দিন উল্লেখ করেন, নিয়ম থাকলেও হাই কোর্টের সংশ্লিষ্ট বিভাগ থেকে অধিকাংশ ক্ষেত্রে আদেশের কপি সংশ্লিষ্ট নিম্ন আদালতে পাঠানো হয় না। এটিও একটি গুরুতর অনিয়ম। আর এ কারণে ভোগান্তি বাড়ে বিচার প্রার্থীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮২২