২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীর চরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, ইমরান হোসেন (২৪), বাবুল ওরফে বাবু (২০), মামুন (১৮), জুয়েল (২০) ও শাকিল (২৪)। শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত কামরাঙ্গীর চরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, শুক্রবার ভোরে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, একটি খেলনা পিস্তল ও লুট হওয়া সাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান ছিনতাইয়ের একটি মামলায় জামিনে রয়েছে। লালবাগে এক অনুষ্ঠান শেষে দুই ভাই শামছুদ্দিন আহমেদ অজয় (২৫) ও সাজিদ আহমেদ অপু (২০) সাইকেলে কামরাঙ্গীর চর হুজুর পাড়ায় নিজেদের বাসায় ফেরার পথে নুরবাগে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাত গুরুতর আহত দুই ভাইকে মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিৎসকরা অজয়কে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটলে অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত অজয় লালবাগের হ্যাপি ভিডিও দোকানের ক্যামেরম্যান ছিলেন। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮১১ ঘ.