কিশোরগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা মোটর যান শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে জেলার গাইটাল ও বত্রিশ আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক ও জেলা মটর যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য দীন ইসলাম জানান, বুধবার অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা বাস টার্মিনাল এলাকায় তিন শ্রমিককে মারধর করে।
হামলার ঘটনা জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে মারপিটের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬১৫ ঘ.
bdnews24