নারায়ণগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় গত শনিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণের ঘটনায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকা থেকে যুবদল কর্মী রকিবুল হাসান ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জনই বিএনপি নেতা পান্না মোল্লার সমর্থক।
ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার বিকেলে ওই ঘটনার সময় বিএনপি নেতা পান্না মোল্লার পিস্তলের গুলিতে থানা যুবদলের ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছিল। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরে হামলার শিকার এবং হামলাকারী উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৩৭ ঘ.
bdnews24