ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণড়ঞ্জ, সিরাজগঞ্জ ও বাগেরহাটে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
নিহত জয়নাল আবেদীন (৪৯) ঢাকার নারিন্দা এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা বরপা এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই জয়নাল নিহত হন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে এক ধানকাটা শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার বড়গোজায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সবুজ (১৫) রাজশাহী সদর এলাকার আপেলের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাস বিপরীতমুখী একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা সবুজ নিহত হন এবং পাঁচজন ধানকাটা শ্রমিক আহত হন।
বাগেরহাট: দুপুরে বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন নেয়ামুল ইসলাম শেখ (২২)।
কচুয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল আরোহী নেয়ামুল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24