ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের ‘গণধোলাই’ কর্মসূচিতে সমর্থন দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার বিকালে ছাত্রলীগ আয়োজিত জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
টুকু বলেছেন, “ছাত্রলীগ নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের গণধোলাইয়ের যে সিদ্ধান্ত নিয়েছে, এর প্রয়োজন ছিল। তারা উপযুক্ত পদক্ষেপ নিয়েছে।”
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রস্তুত থাকবেন। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তুত থাকতে হবে। যাতে ওরা (জামায়ত-শিবির) কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।”
এর আগে মঙ্গলবার ছাত্রলীগ গণধোলাই কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে বুধবার বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশ শেষে একটি মিছিল নূর হোসেন স্কোয়ার, পল্টন, প্রেসক্লাব হয়ে হাই কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৪৪ ঘ.
bdnews24