সাতক্ষীরা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জামায়াত-শিবিরের আটক ৩৫ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম. হান্নান মাহমুদ বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আসামিদের সাতি দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে আবেদন করা হয় আদালতে।
শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার জামায়াত-শিবিরের এই ৩৫ নেতাকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
সোমবার বিকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়।
এতে এক এসআইসহ পুলিশের ৫ সদস্য ও জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মী আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০/১২ রাউন্ড টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় পুলিশ ওই রাতেই সদর থানায় দুটি মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24