ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে জামিন নাকচের ভুয়া কাগজ দিয়ে উচ্চ আদালত থেকে অস্ত্র মামলায় আটক থাকা পাঁচ আসামি জামিন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার মহানগর দায়রা আদালতে জামিন শুনানির নির্ধারিত দিনে বিষয়টি ধরা পড়ে। পরে বুধবার সরকারি কৌঁসুলিরা তা সাংবাদিকদের অবহিত করেন।
ভুয়া কাগজ দিয়ে জামিন নেয়া ওই আসামি হলেন- আব্দুল জলিল, আব্দুল জব্বার, নওশাদ আলী, শহীদুল ইসলাম ও আব্দুস সবুর দীপু। নওশাদ ও দীপুর বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর আর লৌহজংয়ে। অন্যদের বাড়ি ঢাকার ওয়ারিতে।
মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি অস্ত্র মামলায় আটক ওই পাঁচ আসামির জামিন আবেদনের ওপর মঙ্গলবার শুনানির দিন নির্ধারিত ছিল।
“কিন্তু আমরা ওই আসামিদের আইনজীবী পবিত্র ঘোষের কাছ থেকে জানতে পারি আসামিরা নিয়ম ভেঙে অন্য একজন আইনজীবীর মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।”
রাজধানীর ওয়ারি থানার শশী মোহন বসাক লেনের দিলীপের মাঠ থেকে ডাকাতির প্রস্তুতির সময় গত ২১ সেপ্টেম্বর আসােিমদর হাতেনাতে গ্রেপ্তার করে ওয়ারি থানা পুলিশ। ওই ঘটনায় রাজধানীর ওয়ারি থানার উপপরিদর্শক কাজী জসিম উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।
মামলার নথি থেকে জানা গেছে, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস গত ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের আগেই আসামিপক্ষ মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে জামিনের আবেদন করেন, যার ওপর শুনানির দিন নির্ধারিত ছিল মঙ্গলবার।
শুনানি শুরু হলে জানা যায়, আসামিরা ভুয়া কাগজ দিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
এ মামলার এক নম্বর আসামি আব্দুল জলিলের বিরুদ্ধে বিরুদ্ধে সূত্রাপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। ওই মামলার নম্বর হলো ৪(৭)০৩। দ্রুত বিচার আইনের মামলায়ও তিনি অভিযুক্ত।
এ ছাড়া আব্দুল জব্বারের বিরুদ্ধে সূত্রাপুর থানার মামলা রয়েছে। যে মামলার নম্বর ১৮(২)০৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৩০ ঘ.
bdnews24