নেত্রকোনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।
বুধবার দুপুরে উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মারুফ হোসেনের (৫) মৃত্যু হয়।
আব্দুল হেকিম সাংবাদিকদের বলেন, মারুফ খেলতে গিয়ে পা ভেঙে ফেললে দুপুরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
সেখানে স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন ও ওয়ার্ড বয় আব্দুল আজিজ তাকে একটি ব্যাথানাশক ইনজেকশন ‘পেশিতে না দিয়ে শিরায়’ দেন। এর ২/৩ মিনিটের মধ্যে মারুফের মৃত্যু হয়।
এরপরই আলমগীর ও আজিজ হাসপাতাল এলাকা ছেড়ে চলে যান বলে জানান আব্দুল হেকিম।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ভুল চিকিৎসায়’ শিশুটির মৃত্যুর অভিযোগ তিনি পেয়েছেন। তখন সেখানে কোনো চিকিৎসক না থাকায় স্বাস্থ্য সহকারী ও ওয়ার্ড বয় শিশুটিকে ইনজেকশন পুশ করার কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
বিষয়টি তদন্ত করে দেখা হবে। শিশুটির বাবা চাইলে ময়নাতদন্তও করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত কমিটি গঠন করতে বলেছেন।
ইউএনও বলেন, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু স্থানীয় চিকিৎসকদের দিয়ে এ তদন্ত কমিটি গঠন করা যাবে না তাই একটু সময় নিতে হচ্ছে।
মোহনগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম বলেন, শিশুটির পিতার অভিযোগ পেয়ে তিনি সন্ধ্যার পর হাসপাতালে গিয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসনও খতিয়ে দেখছে।
শিশুটির লাশ থানায় আনা হয়েছে। বৃহসাপতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৬ ঘ.
bdnews24