২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতিতে ভাঙন

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার এবং মহাসচিব আত্মগোপনে যাওয়ার পর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সরকারি কর্মচারীদের এ সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার এবং মহাসচিব আত্মগোপনে যাওয়ার পর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সরকারি কর্মচারীদের এ সংগঠনের নেতারা। সমিতির দুটি পক্ষ আলাদা আহ্বায়ক কমিটি গঠন করে আগামী জানুয়ারি মাসের মধ্যে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আহ্বায়ক কমিটির একাংশ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তাদের চারদফা দাবি উপস্থাপন করেন এবং সমিতির কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন। এ অংশের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম মজুমদার জানান, সমিতির সভাপতি মোহাম্মদ আলী সম্প্রতি একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিন পান। মামলার কারণে মহাসচিব জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। এ অবস্থায় সমিতির কার্যক্রম চালিয়ে নিতে ২৭ সদস্যের নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আব্দুল খালেক আহ্বায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। হাশেম মজুমদার জানান, ৯০ দিনের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি জানুয়ারি মাসে জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। সমিতির এই অংশের চার দফা দাবিগুলো হচ্ছে- বাইরের কর্মী দিয়ে (আউট সোর্সিং) সরকারি প্রতিষ্ঠানের জনবল চাহিদা মেটাানোর প্রথা বাতিল, সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড দেয়া, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেনশনের হার ৮০ শতাংশ থেকে শতভাগ ও গ্রাচ্যুইটি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা এবং নিয়োগের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য পোষ্য কোটা চালু করা। এদিকে সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির আগের কমিটির সভাপতি ও মহাসচিবকে বাদ দিয়ে তিন দিন আগে ১৯ সদস্যের নতুন একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ কমিটিতে আবুল কাশেমকে আহ্বায়ক এবং তাকে (এমদাদুল হক) সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসে জাতীয় কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছে এ কমিটিও। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষমতাসীন দলের সমর্থক কর্মচারী নেতারা ৪৮৮/এ, মগবাজারে সমিতির কার্যালয়ের দখল নেন। পরে তারা দায়িত্বে থাকা বিএনপিপন্থী নেতাদের অপসারণ করে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ আলী এবং মহাসচিব পদে জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু চাকরি দেয়ার নামে প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে মামলা হলে নতুন করে বিভক্তি তৈরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০২ ঘ.