গাজীপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে মঙ্গলবার রাতে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. নাসিম মোল্লা (৩২) পাবনার সুজানগর উপজেলার কুলিপাড়ার ইমতাজ উদ্দিন মোল্লার ছেলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে নাসিম ঢাকা-ময়মনসিংহ মাহসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস চাপায় তিনি গুরুতর আহত হন।
প্রথমে লোকজন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫১ ঘ.
bdnews24