২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকা-জমিরউদ্দিনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তিনটি মামলায় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তিনটি মামলায় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্রগুলো দাখিল করেন দুদকের দুই তদন্ত কর্মকর্তারা। দুদকের উপ পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, জমিরউদ্দিন সরকার ২০০৬ সালে স্পিকার হিসাবে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ ২৭ লাখ ৮৫ হাজার টাকার বিল নিজের নামে অনুমোদন করেন এবং ওই অর্থ তুলে নেন। “দেশের আইনে জাতীয় সংসদের স্পিকারের বিদেশে চিকিৎসা ব্যয় অনুমোদনের ক্ষমতা নেই। এ কারণে ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়।” এ মামলার অভিযোগপত্রে সংসদ সচিবালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে। এছাড়া অষ্টম জাতীয় সংসদ ভেঙে দেয়ার পর তখনকার চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ম বর্হিভূতভাবে ছয় লাখ নয় হাজার ৬৬২ টাকার সরকারি আসবাব ও অন্যান্য মালামাল ফেরত দেয়া থেকে অব্যহতি দেন বিএনপি নেতা জমিরউদ্দিন। এ অভিযোগে আরেকটি মামলা হয় একই থানায়। এ মামলার আসামির তালিকায় খোন্দকার দেলেয়ারের নাম থাকলেও তিনি মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে ২০০৩ সালের অক্টোবর থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালকে বনানী সুপার মার্কেটের বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া দিয়ে ২৬ লাখ ১৪ হাজার নয়শ টাকা আত্মসাৎ করেন। ওই সময় চার লাখ ৬৭ হাজার ৪৯৯ টাকার ক্ষতিও হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন খান সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের হয়। এ মামলাতেই বুধবার অভিযোগপত্র দেন তিনি। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা আবদুল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম সাবেক স্পিকারের বিরুদ্ধে দুই মামলার অভিযোগপত্র ‘দেখিলাম মর্মে’ জমা নিয়েছেন। গ্রহণযোগ্যতার শুনানি করার জন্য এগুলো জ্যেষ্ঠ বিশেষ জজজ আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিবি/এমডি/জেকে/১৬৪০ ঘ.