২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনাবহুল ৭ নভেম্বর বুধবার

বুধবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 06:40 PM

Updated : 25 Apr 2022, 09:54 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি দিন।

আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এই দিনটি ভিন্ন ভিন্ন নামে পালন করে আসছে।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এই দিনে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আমলে এই ছুটি নেই।

বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে দিনটি পালন করে।

বুধবার ভোরে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

দিবসটি উপলক্ষে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থাও করেছে বিএনপি। ছাপানো হয়েছে নানা রঙের পোস্টার।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর টালমাটাল পরিস্থিতির এক পর্যায়ে ঢাকা সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন। সেদিন নিহত হন খালেদ মোশাররফসহ অনেক সেনা কর্মকর্তা।

৭ নভেম্বরের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

’৭৫ এর নভেম্বরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের পাল্টা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে সেনাপ্রধান জিয়াকে মুক্ত করেন, যাতে যুক্ত ছিলেন জাসদের নেতা-কর্মীরাও।

সেজন্য জাসদ দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। পরে অবশ্য তাহেরকে সামরিক আদালতে ‘বিচার’ করে ফাঁসিতে ঝোলানো হয়। আদালত এ ঘটনাকে হত্যাকাণ্ড অভিহিত করে জেনারেল জিয়াকে এ জন্য দায়ী করে।

সেনা শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। ওই সময়ের উপ সেনাপ্রধান জিয়াকে আটক করা হয়।

৭ নভেম্বরই মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ অনেকে নিহত হন। সেজন্য আওয়ামী লীগ দিনটিকে পালন করে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০৩৬ ঘ.