২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসিউর ছুটিতে, বললেন এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা মসিউর রহমানের ছুটি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে একথা জানালেন আরেক উপদেষ্টা এইচ টি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 07:04 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা এইচ টি ইমাম। মসিউরের ছুটিতে থাকা-না থাকা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা ইমাম সোমবার একথা জানান। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে চাপে থাকা মসিউরও একদিন আগে বলেছিলেন, প্রয়োজনে দীর্ঘ ছুটিতে যেতে তার আপত্তি নেই। তবে পদ্মা সেতু প্রকল্পের এই ইন্টিগ্রিটি অ্যাডভাইজর একইসঙ্গে বলেছিলেন, এক দফা ছুটি শেষে ১ নভেম্বর কাজে যোগ দিয়েছেন তিনি। এইচ টি ইমাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (মসিউর) তো অফিস করছেন না। উনি ছুটিতে আছেন।” এর কিছু সময় আগে একটি টেলিভিশনের অনুষ্ঠানেও একই কথা বলেন তিনি। “অর্থমন্ত্রী তো এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। উনি (মসিউর) নিজেও তো বলেছেন, সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন তিনি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা ইমাম। অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কতদিনের ছুটিতে রয়েছেন- জানতে চাইলে ইমাম বলেন, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসে মসিউর রহমানের ছুটি। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় তাদের সিদ্ধান্ত বদলায়। অন্য কয়েকটি শর্তের সঙ্গে এ প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে ছুটিতে পাঠানোর কথাও বলে বিশ্ব ব্যাংক। এরপর গত ১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার খবর প্রকাশের তিন দিন পরই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়। তবে মসিউর রহমান তখন ছুটিতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি তখন বলেছিলেন, ছুটির কোনো আবেদন তিনি করেননি। তবে গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকাণ্ড থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে। তবে মসিউরের এক মাস ছুটিতে থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তাকে এক মাসের ছুটিতে পাঠানো হয় বলে সংবাদ মাধ্যমে যে কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে তাও অস্বীকার করা হয়নি। এরপর গত ১ নভেম্বর মসিউরের পুনরায় কাজে যোগ দেয়ায় খবর প্রকাশ হলে তাতে বিশ্ব ব্যাংকের শর্ত ভঙ্গ হয়েছে বলে আলোচনা ওঠে। এই বিষয়ে মসিউর ৩ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটি শেষে কাজ যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী দেশে ফিরে যে সিদ্ধান্ত নিতে বলবেন সেই মোতাবেক কাজ করব।” মসিউরের ফেরার ব্যাখ্যা চাইলে ৪ নভেম্বর অর্থমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতার কোনো ব্যত্যয় এখন পর্যন্ত হয়নি। সরকার বিশ্ব ব্যাংককে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালনে দৃঢ় প্রতিজ্ঞ।” মসিউরের বিষয়েও সরাসরি কিছু না বলে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি।” এরপর সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের পর মসিউর বলেন, “সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, প্রধানমন্ত্রী ও সরকার যদি তাতে সম্মত হয়ে থাকে, তবে আরো দীর্ঘ ছুটিতে থাকতেও আমার কোনো আপত্তি নেই।” “আমি ছুটি শেষে কাজ যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী দেশে ফিরে যে সিদ্ধান্ত নিতে বলবেন সেই মোতাবেক কাজ করব,” একথাও বলেন তিনি। ভিয়েতনাম ও লাওস সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০৫৮ ঘ.