২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সভানেত্রীর প্রতিকৃতির দাবিতে রুয়েটে ছাত্রলীগের ‘ভাংচুর’

ছাত্র হলের সামনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিকৃতি স্থাপনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রধান প্রকৌশলীর দপ্তরে ‘ভাংচুর’ চালিয়েছে সরকারি দল সমর্থক ছাত্র সংগঠন- ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র হলের সামনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিকৃতি স্থাপনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রধান প্রকৌশলীর দপ্তরে ‘ভাংচুর’ চালিয়েছে সরকারি দল সমর্থক ছাত্র সংগঠন- ছাত্রলীগ। সোমবার বিকেল ৫টার দিকে ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী এ ভাংচুরে অংশ নেয় বলে পুলিশ জানায়। পরে প্রতিকৃতি স্থাপনে ব্যর্থতার কারণে প্রধান প্রকৌশলীকে অপসারণের জন্য উপাচার্যকে হুমকি দেন ছাত্রলীগ নেতারা। মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে ছাত্রলীগের নেতা তুষারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রুয়েটের প্রধান প্রকৌশলী শফি উদ্দিন মিয়ার দপ্তরে গিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান। এক পর্যায়ে প্রকৌশলীর দেখা না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাংচুর চালিয়ে জানালার কাঁচ, কাগজপত্র তছনছ করে দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় বলে জানান ওসি। উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধূুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এসে প্রধান প্রকৌশলীকে মঙ্গলবারের মধ্যে অপসারণের হুমকি দিয়ে গেছে। একটি মহল শিক্ষার্থীদের মদদ দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেন উপাচার্য। রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনা আবাসিক হলের সামনে তার একটি প্রতিকৃতি স্থাপনের দাবি দীর্ঘ দিনের । কিন্তু সে দাবি মানা হয়নি। ভাংচুরে ছাত্রলীগ জড়িত নয় দাবি করে এই ছাত্রলীগ নেতা বলেন, প্রধান প্রকৌশলী অধ্যাপক শফি উদ্দিন মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০৮ ঘ.