কক্সবাজার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি চিংড়ি ঘেরে গুলিতে এক যুবক নিহত হয়েছে।
রোববার রাত ২টার দিকে উপজেলার বড় মহেশখালীতে ‘মাইল্যা ঘোনা’ নামের একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত ছলিম উল্লাহ (২৬) বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের মোহাম্মদ জাকারিয়ার ছেলে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া বাঁশির মালিকানাধীন মাইল্যা ঘোনার চিংড়ি ঘেরে মাছ চুরির ঘটনা নিয়ে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন আরো ২ জন।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
ঘের মালিক সিরাজ মিয়া জানান, একদল ডাকাত গভীর রাতে মাছ লুট করে নিয়ে যাওয়ার সময় পাহারাদারকে লক্ষ্য করে গুলি করে। এতে ডাকাতদলের এক সদস্য নিহত হয়।
এদিকে নিহতের বাবা জাকারিয়া তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০২১ ঘ.
bdnews24