২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের ফতোয়া, তদন্তের নির্দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে’র ফতোয়ার অভিযোগ তদন্তে যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে’র ফতোয়ার অভিযোগ তদন্তে যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সালিশের আয়োজনকারী ইউনিয়ন পরিষদ সদস্য, সংশ্লিষ্ট থানার ওসি ও ঘটনার শিকার নারী আদালতে হাজির হওয়ার পর তাদের বক্তব্য শুনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। ফতোয়ার ঘটনা ঘটেছে কি না এবং মামলা গ্রহণে পুলিশের অবহেলা ছিলো কি না- তা তদন্ত করে দেখতে বলা হয়েছে কমিটিকে। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে হবে। গত ৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘গৃহবধূকে মাটিতে পুঁতে পাথর ছোড়ার ফতোয়া!’ শিরোনামের একটি প্রতিবেদনে বলা হয়, মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ পণ্ডিত বাড়ির বাসিন্দা ও প্রবাসী আনোয়ার ইসলামের স্ত্রী আসমা আক্তারকে গত ২৭ জুলাই নগ্ন করে উঠোনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন কয়েকজন প্রতিবেশী। এ ঘটনায় ২৯ জুলাই ঘটনার ‘উস্কানিদাতা’ স্থানীয় ইউপি সদস্য জুনু মেম্বারসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন ওই নারী। প্রতিবেদনে বলা হয়, ওই মামলা হওয়ার পর গত ২ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে ওই গৃহবধূকে নিয়ে সালিশ বসে। ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জুনু মেম্বার (৫০) সেখানে ফতোয়া দেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করতে হবে। এরপর থেকে ওই গৃহবধূ ও তার দুই সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়। আদালতে ওসি মো. ইফতেখার হাসানের পক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজুল হক জুনুর পক্ষে মো. মোফাজ্জল হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখে ওই দিন তলবকৃতদের হাজির হতে বলেছে আদালত। গত ১৬ অক্টোবর দেয়া এক আদেশে হাই কোর্ট মিরসরাই থানার ওসি ও সালিশকারী ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুল হক জুনুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ঘটনার শিকার নারী মামলা করলে তা গ্রহণ এবং মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকীর করা আবেদনের প্রেক্ষিতে ওই সব আদেশের পাশাপাশি একটি রুলও দিয়েছিল হাই কোর্ট। সালিশের নামে ফতোয়া দেয়া এবং সংগঠিত অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধির ১৫৬ ও ১৫৭ ধারা অনুসারে বিবাদীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে বলা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রামের পুলিশ সুপার, মিরসরাই থানার ওসি এবং সালিশকারী মাহফুজুল হক জুনুকে ছয় সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী পালিয়ে বেড়ানো ওই নারী যাতে নিজের বাড়িতে থাকতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও ওসিকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশনা বাস্তবায়ন করে ১০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয় বিবাদীদের। ওই নারী এখানো তার বাড়িতে বসবাস করতে পারছেন না অভিযোগ করে মনজিল মোরসেদ এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করলে শুনানিতে বলে, “এ বিষয়ে আমাদের আদেশ রয়েছে। সেটা বাস্তবায়ন করতে হবে।” ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ সালিশে ফতোয়া জারিকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ২০১১ সালের ১২ মে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চের রায়ে ধর্মীয় বিষয়ে ফতোয়াকে বৈধতা দিলেও এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেয়া যাবে না বলে উল্লেখ করা হয়। ফতোয়া নিয়ে হাই কোর্টের আরো একটি রায় রয়েছে। ২০১০ সালের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেয়া ওই রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৫২৫ ঘ.