২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অসুস্থ

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 07:18 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াজউদ্দীনের ছেলে ইমতিয়াজ আহম্মেদ বাবু রোববার টেলিফোনে সাংবাদিকদের বলেছেন, গত ২৮ অক্টোবর তার বাবার একটি অস্ত্রোপচার হয়। এরপর কিডনিতেও জটিলতা দেখা দিলে রোববার অবস্থার অবনতি ঘটে। ৮১ বছর বয়সী ইয়াজউদ্দিনকে এরপর থেকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে বলে তার ছেলে জানিয়েছেন। ইয়াজউদ্দিনের স্ত্রী অধ্যাপিক আনোয়ারা বেগম ও ছেলে ইমতিয়াজ আহম্মেদ ব্যাংকক রয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে ঘটনাবহুল একটি সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থাকে ইয়াজউদ্দিন গত বছরের অগাস্ট মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর গত বছরের সেপ্টেম্বরে তাকে থাইল্যান্ড নেয়া হয়। চিকিৎসা করে দেশে ফিরলেও অসুস্থবোধ করলে চার মাস আগে তাকে পুনরায় থাইল্যান্ড নেয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালের ইয়াজউদ্দিনের বাইপাস সার্জারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইয়াজউদ্দিন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে রাষ্ট্রপতি পদে আসীন হন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও তিনি নেন, যা রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করে বলে মনে করা হয়। ওই সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন, যার জন্য সমালোচিত তিনি। ওই সময় টানা দুই বছর সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করেছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১১৩ ঘ.