২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফের দেহে বিদ্ধ বুলেট আদালতে উপস্থাপন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর দেহে বিদ্ধ বুলেটটি আদালতে উপস্থাপন করে তা সনাক্ত করেছেন রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর দেহে বিদ্ধ বুলেটটি আদালতে উপস্থাপন করে তা সনাক্ত করেছেন রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী। রোববার ৩ নম্বর সাক্ষী গুলশান থানার কনস্টেবল আব্দুল বাছেদ সাক্ষ্য দেয়ার সময় বুলেটটি আদালতে উপস্থাপন করেন, তা সনাক্ত করেন কনস্টেবল সফিউজ্জামান। এই দুজনই মামলার জব্দ তালিকার সাক্ষী। তাদেরসহ তিনজন পুলিশ সদস্যের সাক্ষ্যগহণ হয় রোববার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কনস্টেবল বাছেদ বলেন, খালাফের মৃতদেহ তিনি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে নিয়ে যান। পরে খালাফের দেহ থেকে বের করা বুলেটটি চিকিৎসক সিলগালা করে তার হাতে দেন। এ নিয়ে চাঞ্চল্যকর হিসেবে তালিকাভুক্ত এই মামলায় চার জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল। বিচারক মো. মোতাহার হোসেন আগামী মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেছেন। আগামী মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের ডা. আবু সাঈদ এম এম রহমান, ব্যবস্থাপক মতিয়ার রহমান, আইসিইউকর্মী মো. রিপন এবং গুলশান থানার উপ-পরিদর্শক কাজী রবিউল হককে নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে সৌদি এই নাগরিক হত্যার বিচার শুরু হয়। গত ৩১ অক্টোবর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। আসামিদের চারজন কারাগারে রয়েছেন, তারা হলেন- সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকন। অন্য আসামি সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। গত ৫ মার্চ রাতে গুলশানের কূটনৈতিক পাড়ায় খুন হন খালাফ। ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২৪৫ ঘ.