ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ জালিয়াতি মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ পাঁচ জনের জামিন আবেদন ফের নাকচ করেছে ঢাকার একটি আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিন আবেদন নাকচ হওয়া অপর আসামিরা হলেন- হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএম আজিজুর রহমান।
এর আগে গত ১৯ অক্টোবর জেসমিনের পক্ষে এবং ৯ অক্টোবর তানভীরের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর তানভীর, তার স্ত্রী জেসমিনসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে। আসামিদের মধ্যে সাত জন হল-মার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএ/এএল/২০২৯ ঘ.
bdnews24