২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ জুসের উৎপাদন ও বিক্রি বন্ধে হাই কোর্টের রুল

প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন ‘ভেজাল’ পানীয়ের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন ‘ভেজাল’ পানীয়ের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার রোববার এই রুল জারি করেন। প্রাণের ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন আপেল ও ফ্রুট ককটেল নামে বোতলজাত পানীয় এই রুলের আওতায় পড়বে। এছাড়া প্রাণ জুসের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিবাদীরা যে নিষ্ক্রিয়তা দেখিয়েছে তাকে কেন ‘অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তাও জানতে চেয়েছে হাই কোর্ট। আগামী ১৮ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওইদিনই এ রিটের ওপর পরবর্তী শুনানি হবে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী সকালে এই রিট আবেদন করেন। মনজিল মোরসেদ বলেন, “ভেজাল উপাদান দিয়ে তৈরি করার কারণে রিট আবেদনে উল্লিখিত ড্রিংকসগুলোর লাইসেন্স ইতোমধ্যে বিএসটিআই বাতিল করে দিয়েছে। কিন্তু তারা এখনো বাজার থেকে পণ্য প্রত্যাহার করেনি। এ কারণে আমরা এই রিট আবেদন করেছি।” রিট আবেদনে কয়েকটি অন্তবর্তীকালীন আদেশ চাওয়া হলেও আদালত সে বিষয়ে কোনো আদেশ দেয়নি। আদালত আগামী শুনানির দিনে এসব বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে মনজিল মোরসেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৪২ ঘ.