ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে, পরীক্ষা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
দেশের দুই হাজার ২৫০টি কেন্দ্রে ২৭ হাজার ৬৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার অষ্টম শ্রেণীর এই সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ বছর জেএসসি-জেডিসিতে ১৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে ১০ লাখ ১১ হাজার ৫০৩ জন ছাত্রী এবং ৮ লাখ ৯৬ হাজার ৮৬২ জন ছাত্র।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত বছরের চেয়ে এবার এ পরীক্ষায় ৪৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী বেড়েছে। গত বছর জেএসসি ও জেডিসিতে ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল ১০টায় ধানম-ি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের তথ্যমতে, এবার জেএসসিতে ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ২৬ হাজার ৮২ জন ছাত্রী এবং ৭ লাখ ২৭ হাজার ৪৯৩ জন ছাত্র।
আর জেডিসিতে ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮৫ হাজার ৪২১ জন ছাত্রী এবং এক লাখ ৬৯ হাজার ৩৬৯ জন ছাত্র।
এবার জেএসজিতে এক লাখ ৪৯ হাজার ৩৯২ জন এবং জেডিসিতে ২৩ হাজার ২৯২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়া জেএসসিতে এক লাখ ৩৬ হাজার ৭১১ জন এবং জেডিসিতে ২০ হাজার ৩০১ জন বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য) অংশ নিচ্ছে।
বিদেশের সাতটি কেন্দ্রের মধ্যে জেদ্দায় ১০৬ জন, রিয়াদে ১০৯, ত্রিপলীতে আট, দোহায় ৭২, আবুধাবীতে ৩৯, দুবাইয়ে ১৮ এবং ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।
এছাড়া এবার প্রথমবারের মত মাসকাট এবং ওমানে ১০ জন করে শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।
দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীর (যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না) জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে বলে জানান নাহিদ।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে জেএসসি এবং ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/২১৫৪ ঘ.
bdnews24