ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার আলামত নষ্টের মাধ্যমে যারা বিচার আটকে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
শনিবার জেলহত্যা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার পর তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নিহত সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাফায়াতুল ইসলাম।
১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে, যারা ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তি।
হত্যাকাণ্ডের পর একটি মামলা হলেও আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর ১৯৯৮ সালে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এই মামলার আপিলের নিষ্পত্তি এখনো হয়নি।
মহীউদ্দীন খান বলেন, “ন্যায়বিচারে বাধা দেয়া দণ্ডনীয় অপরাধ। যারা দিয়েছে বলে প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
মতিয়া চৌধুরী বলেন, যারা জেলহত্যার আলামত ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।
জেলহত্যা মামলায় আপিল বিভাগ নিম্ন আদালতের রায়ই বহাল রাখবে বলে আশা করেন সৈয়দ নজরুলের ছেলে সাফায়াতুল ইসলাম।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমানের দেয়া রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের।
২০০৮ সালের ২৮ অগাস্ট হাই কোর্ট রিসালদার মোসলেহউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে মৃত্যুদ-প্রাপ্ত অন্য দুই আসামিকে খালাস দেয়।
খালাস পান সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদও।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর গত ৩১ অক্টোবর জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার সুপ্রিম কোর্টে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
আগামী ৪ নভেম্বর এ মামলার শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24