গোপালগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফেরিঘাটে মাইক্রোবাস নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা ফেরিঘাটে এ ঘটনায় নিখোঁজ অনিমেষ বিশ্বাস (২৮) তারাইল গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, একটি সালিশে যোগ দেয়ার জন্য অনিমেষসহ সাতজন মাইক্রোবাসটিতে করে কাশিয়ানীর রামদিয়া থেকে নড়াইল যাচ্ছিলেন। ফেরিঘাটে চালক গাড়িটি চালু অবস্থায় রেখে নিচে নামেন।
এসময় অনিমেষ ও নলিনী নামের এক ব্যক্তিকে নিয়ে গাড়িটি ফেরির গ্যাং ওয়ে দিয়ে নদীতে পড়ে যায়। তখন নলিনী বের হয়ে এলেও অনিমেষ গাড়ি থেকে বের হতে পারেননি।
ডখুলনা ফায়ার বিগ্রেডের ডুবুরি দল ও গোপালগঞ্জ ফায়ার ব্রিগেড অনিমষকে উদ্ধারের চেষ্টা চালালেও বিকাল পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে কালনা ফেরিঘাটে যান পারাপার বন্ধ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৩১ ঘ.
bdnews24