২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কৌঁসুলির বিরুদ্ধে আসামির পক্ষ নেয়ার অভিযোগ

ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সরকারি কৌঁসুলি মাহমুদা আক্তারের বিরুদ্ধে নালিশ গেছে প্রধান বিচারপতির কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

প্রকাশ বিশ্বাস জ্যেষ্ঠ আইন প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামির পক্ষ নেয়ার অভিযোগ উঠেছে ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সরকারি কৌঁসুলি মাহমুদা আক্তারের বিরুদ্ধে। একটি মামলার বাদি শামীমুন নাহার লিপি এই অভিযোগ প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। আইনমন্ত্রীর কাছেও অভিযোগ দিয়েছেন তিনি। তিনি অভিযোগের অনুলিপি সাংবাদিকদেরও দিয়েছেন। ‘হোপস ডোর’ নামে একটি মানবাধিকার সংগঠনের কর্ণধার লিপির অভিযোগ, আসামি পক্ষের কাছ থেকে ‘সুবিধা’ নিয়েছেন সরকারি কৌঁসুলি। সে অভিযোগ প্রত্যাখ্যান করে আইনজীবী মাহমুদা খাতুন স্বীকার করেছেন, আসামিদের মধ্যে দুজন আইনজীবী হওয়ায় তাদের জামিনের বিষয়ে নমনীয় ছিলেন তিনি। সাবেক সচিব এ কে এম রশিদ উদ্দিনের মেয়ে, রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা লিপি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ছয়জনের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর একটি মামলা করেন। লিপি বলেন, মামলাটি নথিভুক্ত করতে বিচারক নির্দেশ দিলেও পল্টন থানার ওসি মো. সহিদ তা করেননি। বিষয়টি জানার পর ওই বছরের ১২ অক্টোবর ওসিকে তলব করে আদালত। “সেদিন পল্টন থানার ওসি অন্যান্য আসামিসহ আদালতে আসেন। শুনানি শেষে আমি আদালত ভবনের নিচ তলায় পৌঁছলে ওসির সামনেই আসামি ফুয়াদ হোসেন, রমজান আলী আমার ওপর চড়াও হন।” বাদির অভিযোগ, তাকে গালাগালির পর লাথি-কিল-ঘুষিও মারে আসামিরা এবং মামলা তুলে নিতে হুমকি দেয়। পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে ঢুকেও রেহাই পাননি তিনি। ওই ঘটনায় লিপি ১৬ অক্টোবর ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওসি সহিদ, ফুয়াদ, রমজানসহ সাতজনকে আসামি করে আরেকটি মামলা করেন। “পরের মামলায় আসামিরা জামিন চাইলে স্পেশাল পিপি মাহমুদা আক্তার গত ৭ অগাস্ট জামিনের বিরোধিতা না করে উল্টো পক্ষে বক্তব্য রাখেন।” “বিশেষ পিপি আসামিদের কাছ থেকে অন্যায় সুবিধা নিয়ে ন্যায়বিচার থেকে আমাকে বঞ্চিত করেছেন,” বলেন লিপি। এই অভিযোগের বিষয়ে বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদা আক্তার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে বলে মামলায় বলা হলেও আসলে ঘটনাটি ঘটেইনি।” “পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আমাকে ডেকে নিয়ে জানান, এ মামলার আসামিদের মধ্যে দুজন আইনজীবী, তারা বাদীরও আত্মীয়ও।” “আমি জামিন শুনানির সময় বিচারককে বলেছি, আসামিদের মধ্যে দুজন ঢাকা আইনজীবী সমিতির সদস্য। জামিনের বিষয়টি আদালত নিজেই বিবেচনা করবেন, আমার বলার কিছুই নেই,” বলেন মাহমুদা। অভিযোগকারী লিপি জানান, আসামি ফুয়াদ তার আত্মীয়। ফুয়াদ ষড়যন্ত্র করে তার বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। ওই সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা এবং জীবনের নিরাপত্তা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন জানিয়ে লিপি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া সত্বেও এই মামলাগুলোর কারণে গত আড়াই বছর ধরে বাংলাদেশে আটকে আছেন। মাহমুদার আগে গত মাসে ঢাকার ১ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারকের জন্য ৫ লাখ ঘুষ দাবির অভিযোগ ওঠে ওই আদালতের পিপি ফাতেমা রশিদের বিরুদ্ধে। গত ১৮ অক্টোবর একটি দৈনিকে এই খবর প্রকাশের পর আইন মন্ত্রণালয় ফাতেমা রশিদকে পদত্যাগ করতে বললে তিনি দায়িত্ব ছেড়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩০৭ ঘ.