নারায়ণগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ধর্ষিতা বাদি হয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় এই মামলা করেন বলে জানান ওসি নূর মোহাম্মদ।
মামলার এজাহারে বলা হয়, গত সোমবার ওই ছাত্রী বাড়ি ফেরার পথে একই এলাকার অলি মিয়ার মেয়ে কবিতা তাকে ফুসলিয়ে শহরের দেওভোগ এলাকার একটি পরিত্যক্ত পাঁচতলা ভবনের ছাদে নিয়ে যায়।
“সেখানে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকার সহিদ মিয়ার ছেলে সানি, ইসহাক ফকিরের ছেলে অলি, শহরের বাবুরাইল এলাকার রবিন ও রাজিব মিলে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। এরপর তারা তাকে ধর্ষণ করে।”
পরদিন ৩০ অক্টোবর ভোরে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে বন্দরের সিএসডি খাদ্য গুদাম গেইট এলাকায় ফেলে যায় ধর্ষকরা।
মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি নূর মোহাম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১২০ ঘ.
bdnews24