ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তার ভূমিকায় এসে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “যুব সমাজের মানসিকতা হলো যেনতেনভাবে একটা চাকরি করা। কিন্তু নিজেরা যদি উদ্যোক্তা হয়, তাহলে পাড়াপ্রতিবেশীদেরও কর্মসংস্থান হবে।”
“আমরা দেখতে চাই- দেশের প্রতিটি যুবক এবং যুব মহিলার হাত কর্মীর হাতে পরিণত হয়েছে”, বলেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “যুব সমাজই অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছে। এখন যুদ্ধ দারিদ্রের বিরুদ্ধে। যুব সমাজই পারবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে।”
স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে ‘নেশা ও সন্ত্রাসমুক্ত’ হয়ে ‘আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী সুনাগরিক হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যুব সমাজ যাতে ভুল পথে পা না বাড়ায়, মাদকাশক্তি বা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে না পড়ে, সেদিকে আমাদের সবারই দৃষ্টি রাখতে হবে।”
শেখ হাসিনা বলেন, “আমরা বৃদ্ধ হয়ে গেছি। শেষ বেলা। যুবসমাজই ভবিষ্যৎ। তাদের এদেশ গড়ে তুলতে হবে। কাজেই তাদেরও নিজেদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অধিদপ্তর এ পর্যন্ত ৩৮ লাখ ৫০ হাজারেরও বেশি যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষিতদের মধ্যে ১৯ লাখ ৫৬ হাজার জন নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন- এমন ১৫ জন যুব উদ্যোক্তার হাতে ‘জাতীয় যুব পুরস্কার ২০১২’ তুলে দেন শেখ হাসিনা।
অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সচিব নূর মোহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৩১৫ ঘ.
bdnews24