ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-এইবিএ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ ব্যক্তিকে সম্মাননা দিচ্ছে।
এর মধ্যে প্রবাসী দুই শিল্পী মনিরুল ইসলাম ও শাহাবুদ্দিনের পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রুশনারা আলীও রয়েছেন।
মুক্তিযুদ্ধ, রাজনীতি, শিল্প-সংস্কৃতি, চিকিৎসা বিজ্ঞান, প্রশাসনিক দক্ষতা, কমিউনিটি ডেভলপমেন্ট ও বাংলাদেশকে বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য তাদের এই সম্মাননা দেয়া হচ্ছে।
রুশনারা আলী ও নরওয়ের সাবেক পার্লামেন্ট সদস্য সায়েরা খান রাজনীতিতে তাদের ভূমিকার জন্য এই সম্মাননা পাচ্ছেন।
বাংলাদেশকে বহির্বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কলাম লেখক নাদিরা মজুমদারও সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত চৌধুরী ইখতেয়ার মোমিনকে সম্মানিত করবে এইবিএ।
সংগঠনটি জানিয়েছে, আগামী ১ ও ২ ডিসেম্বর গ্রিসের এথেন্সের প্রেসিডেন্ট হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১৬ কৃতি ব্যক্তির হাতে সম্মাননা-স্মারক তুলে দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/০০২০ ঘ.
bdnews24