২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিসহ গ্রেপ্তার ২ পুলিশ সদস্যের স্বীকারোক্তি

রাজধানীর কাফরুলে ৫শ’ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্য জেনাল চাকমা ও প্রেম চাকমা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে ৫শ’ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্য জেনাল চাকমা ও প্রেম চাকমা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ছয় দিন পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর বুধবার তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের জবানবন্দি নিয়ে তাদের কারাগারে পাঠিয়ে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আনিসুর রহমান। প্রেম চাকমার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি থানায় এবং জেনাল চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর থানায়। তারা দুজনই ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির আওতায় ১৯৯৮ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তারা মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)-এ কর্মরত ছিলেন। গত ২৫ অক্টোবর ভোরে কাফরুলের একটি বাড়ি থেকে প্রেম ও জেনালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫শ’ রাউন্ড রাইফেলের গুলি তখন উদ্ধার করে পুলিশ। একই মামলায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার কনস্টেবল মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন হাকিম শাহরিয়ার মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০১৫ ঘ.