ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত গাড়িচালক আজম খানের সাক্ষাৎকার গ্রহণকারী আরটিভির প্রতিবেদক বায়জিদ আহমেদ নিরাপত্তা চেয়ে আবারো জিডি করেছেন।
সোমবার শেরে বাংলা নগর থানায় জিডি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বেসরকারি টেলিভিশন চ্যানেলের এই প্রতিবেদক।
এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁও এবং শেরে বাংলা থানায় দুটি জিডি করেন বায়েজিদ। দুটোতেই তিনি অভিযোগ করেন, আজম খানকে নিয়ে প্রতিবেদন প্রচারের পর থেকে হুমকি পাচ্ছেন তিনি।
বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুুপুর ১টার (সোমবার) দিকে অপরিচিত দুই ব্যক্তি আমার বাসায় এসে কলিং বেল টিপে আমার নাম ধরে ডাকতে থাকে। এরপর তারা দরজায় জোরে আঘাত করতে থাকে।
“আমি ভেতর থেকে দরজার ছিদ্র দিয়ে দেখে দরজা খুলিনি। এরপর টেলিফোন করে বাড়ির অন্য বাসিন্দাদের আসতে বলি। তারা আসতে না আসতেই লোক দুজন দ্রুত চলে যায়।”
এরপর থেকে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে নতুন করে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বায়েজিদ জানান।
গত ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ থাকার বিষয়টি আজম খানের কারণেই প্রকাশ্য হয়। তবে এরপর থেকে অপ্রকাশ্য আজম।
প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর আরটিভির প্রতিবেদনে হাজির হন আজম। তবে কোথায় তার সাক্ষাৎকার ধারণ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৩০ ঘ.
bdnews24