২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা মামলায় অভিযোগ গঠন বুধবার

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৩১ অক্টোবর নতুন দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৩১ অক্টোবর নতুন দিন রেখেছে আদালত। সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এই তারিখ নির্ধারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ঈদের ছুটি শেষে সোমবার এ মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এ দিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা থাকলেও রেওয়াজ অনুযায়ী আদালত তা পিছিয়ে বুধবার দিন রেখেছেন। সৌদি দূতাবাসের আইনজীবী হিসাবে সোমবার এ মামলায় উপস্থিত ছিলেন জসীমউদ্দিন সরকার। গত ৫ মার্চ গুলশানে নিজের বাসার কাছে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। গুলশানের কূটনৈতিক এলাকায় রাস্তার পাশে তাঁর বুলেটবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৫ জুলাই চারজনকে গ্রেপ্তার করা হয়। দণ্ডবিধির ৩৯৬ ধারায় দাখিল করা এই মামলায় গত ২০ সেপ্টেম্বর অভিযোগ পত্র দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক। অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম মামুন, আল আমীন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এর মধ্যে সেলিম চৌধুরী পলাতক রয়েছেন। আসামি আল আমীন বিচারকের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, সাইফুলসহ বাকি চারজন ওই রাতে খালাফকে ঘিরে ধরে এবং তার কাছে ডলার চায়। ডলার না দেয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা এ কথাগুলোও অভিযোগপত্রে উল্লেখ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/জেকে/১২২৫ ঘ.