পটুয়াখালী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে লঞ্চের স্টাফরা পিটিয়ে ২০ যাত্রীকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে পটুয়াখালী লঞ্চ ঘাটে নেমে যাত্রীরা অভিযোগ করেন, ‘সৈকত-২’ নামের লঞ্চটি ঈদ মৌসুমের ফিরতি ট্রিপ ধরার জন্যই ইঞ্জিন নষ্টের কথা বলে তাদেরকে নির্ধারিত গন্তব্যে পৌঁছার আগেই নামিয়ে দেয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করলেই স্টাফরা মারমুখো হয়ে উঠেন।
আহতদের মধ্যে আটজনকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লঞ্চটির তিন স্টাফকে আটক করেছে।
লঞ্চের যাত্রীরা জানান, সৈকত-২ সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে যায় পটুয়াখালীর উদ্দেশে। সন্ধ্যা ছয়টায় সেটির পটুয়াখালী ঘাটে পৌঁছার কথা।
কিন্তু বগা লঞ্চ ঘাটের আগে স্টাফরা লঞ্চটির দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন ইচ্ছে করেই বন্ধ করে দেয় বলে যাত্রীদের অভিযোগ।
তখন স্টাফরা লঞ্চ আর যেতে পারবে না বলে যাত্রীদের বগা স্টেশনেই নেমে যেতে তাগাদা দেয়। এতে পটুয়াখালীর যাত্রীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রতিবাদের মুখে স্টাফরা পটুয়াখালীর দিকে লঞ্চ নিয়ে খুব ধীর গতিতে রওয়ানা হন।
বগা ঘাট ছাড়ার পরই স্টাফরা চলন্ত লঞ্চের মধ্যেই প্রতিবাদকারী যাত্রীদের বেধড়ক পেটাতে শুরু করে। স্টাফরা চেয়েছিল, বগা ঘাটে যাত্রীদের নামিয়ে দিয়ে পুনরায় ঢাকায় ফিরে ট্রিপ ধরতে, এর প্রতিবাদ করাতেই স্টাফরা মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ যাত্রীদের।
প্রায় তিন ঘণ্টা দেরিতে রাত সোয়া ন’টায় লঞ্চটি পটুয়াখালী ঘাটে পৌঁছলে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে লঞ্চের সুপারভাইজারসহ তিন জনকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, “স্টাফরা লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বলে জানালেও আসলে দুটো ইঞ্জিনই ঠিক পাওয়া গেছে। আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক সিদ্ধার্থ শংকর দাশ জানান, আহত অবস্থায় রুবেল (২১), রুবেল হাওলাদার (২০), রেশমা বেগম (২০), ফজিয়া বেগম (৩১), নূর মোহাম্মদ মোল্লা (৩০), মোস্তফা মোল্লা (১৮), ইব্রাহিম (২৫), মিজানুর রহমানকে (২১) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আটক লঞ্চের স্টাফ আবু হোসেন, কাশেম হাওলাদার ও সাখাওয়াত হোসেনকে (সুপারভাইজার) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনসার উদ্দিন।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৭ ঘ.
bdnews24