২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের আইনজীবীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের আইনজীবীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের দুই কূটনীতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 04:41 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

লাবলু আনসার নিউইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের আইনজীবীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের দুই কূটনীতিক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এম এ মুহিত জানান, দূতাবাসের মিনিস্টার (কন্স্যুলার) শামসুল হক ও নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল মো. শাহেদুল ইসলাম বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) নিউইয়র্কে ফেডারেল ডিফেন্ডার এটর্নি হেইডি সিজারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেডারেল ডিফেন্ডারকে আমরা জানিয়েছি, নাফিসের জন্যে যতো রকমের সহায়তা প্রয়োজন তা বাংলাদেশ দিতে চায়। তবে গ্র্যান্ড জুরিতে এখনও মামলার কার্যক্রম শুরু না হওয়ায় কীভাবে তাকে সহায়তা দেয়া সম্ভব তা নির্ধারণ করা যায়নি।” বাংলাদেশের কূটনীতিকরা আবারো আসামিপক্ষের সরকারি আইনজীবীর সঙ্গে বসবেন এবং নাফিসের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা চালাবেন বলে ডেপুটি চিফ অব মিশন জানান। নাফিস বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন- মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ফেডারেল ডিফেন্ডারের মাধ্যমে নাফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করেন। কিন্তু এর ফল পেতে তাদের আরো তিন সপ্তাহ অপেক্ষ করতে হতে পারে। ব্রুকলিন ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারদোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাফিসের মামলাটি এখন পর্যন্ত গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়নি। ১৭ নভেম্বরের মধ্যে যে কোনো সময় নথিপত্র সেখানে পাঠানো হবে। তারপর মামলাটি চালু হবে। নাফিসকে বর্তমানে রাখা হয়েছে ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। তার সঙ্গে বাংলাদেশ সরকার বা পরিবারের কেউ দেখা করতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে বলে রবার্ট নারদোজা জানান। গত ১৭ অক্টোবর কথিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। তারা বলছে, এই বাংলাদেশি যুবক ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি। ২১ বছর বয়সী নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। তার বিরুদ্ধে মামলা চলবে কি না সে সিদ্ধান্ত দেবে গ্র্যান্ড জুরি। আর দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.