গাজীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে গাজীপুরে দুটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার বিকাল থেকে সদরের কোনাবাড়ি এলাকার যমুনা নিটিং এ্যান্ড ডায়িং কারখানার ও জয়দেবপুরের ডেগেরচালায় এ এন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন।
যমুনা নিটিং অ্যান্ড ডায়িং কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মাসুদ করিম পাপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে শ্রমিকদের অক্টোবর মাসের ১০ দিনের বেতন দেয়া হয়। কিন্তু তারা ১৫ দিনের বেতন দাবি করে।
মালিকপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারায় রাতে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর করে বলে দাবি করেন ডিজিএম।
রাত সাড়ে ৮টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছিল।
অপরদিকে জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে শ্রমিকদের অক্টোবর মাসের ১৫ দিনের বেতন দেয়ার পূর্ব নির্ধারিত দিন ছিল। কিন্তু মালিকপক্ষ সেই টাকা দিতে না পারলে শ্রমিকরা বিক্ষোভ করে।
পরে মালিকপক্ষ শ্রমিকদের প্রত্যেককে এক হাজার টাকা ও সাত দিনের ছুটির আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২৩৫ ঘ.
bdnews24