ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, “তার মৃৃত্যুতে বাংলা সাহিত্যে এক বড় শূন্যতার সৃষ্টি হলো।’’
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ২টায় কলকাতায় নিজের বাসায় মৃত্যু হয় কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়ের। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকবার্তায় খালেদা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় এক উজ্জ্বল অভিযাত্রী। তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রেখেছেন অসামান্য অবদান।’
কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশু সাহিত্যে সুনীলের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন আরো বলেন, তার সাহিত্যকর্মে দেশপ্রেম এবং প্রকৃতি ও মানুষের বিচিত্র রূপ অত্যন্ত সুচারুভাবে বিধৃত হয়েছে। এই প্রখ্যাত সাহিত্যিকের সৃষ্টিকর্মে বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হয়েছে।
“মানবজীবনের নানা সংকট, সংগ্রাম ও সংহতি সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টিকর্মের প্রতিপাদ্য। উত্তর প্রজন্মের বাংলা ভাষাভাষী মানুষের কাছেও তার কালজয়ী সাহিত্য সমাদৃত হবে।’’
এর বাইরে একজন সফল সাংবাদিক হিসাবে সুনীল গঙ্গোপাধ্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
খালেদা জিয়া সদ্যপ্রয়াত এই সাহিত্যিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়কে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম অগ্রপথিক আখ্যায়িত করেন।
তার বিদেহী আত্মার শান্তিও কামনা করেন এই বিএনপি নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.
bdnews24