২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতি

টাঙ্গাইলের গোড়াই ও গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার ওপর দুটি ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদ ও পূজায় ঘরমুখো হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

গাজীপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের গোড়াই ও গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার ওপর দুটি ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদ ও পূজায় ঘরমুখো হাজার হাজার মানুষ। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দায়িত্বে থাকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হানিফ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের গোড়াই ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক দুটি বিকল হয়ে পড়ে। এর ফলে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা, চন্দ্রা থেকে কোনাবাড়ি ও চন্দ্রা থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাইপাইল পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর পৌনে ১টার দিকে বিকল ট্রাক দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল শুরু হলেও যানবাহন এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। চন্দ্রা মোড়ে জটে আটকে থাকা হানিফ পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম জানান, সেখনে প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়ি থেমে রয়েছে। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, “মঙ্গলবার ভোরে গোড়াই এলাকায় দুটি ট্রাক বিকল হওয়ার পর সেই ধকল কাটতে না কাটতেই সকাল ১০টা ও ১১টার দিকে সূত্রাপুর সেতু এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের লাইন লেগে যায়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, যানজট নিরসনে দুটি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হচ্ছে। শনিবার থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পৌঁছে গেছে। কোরবানির পশুর হাটে গাড়ি থেকে গরু নামাতে গিয়ে চন্দ্রা মোড়, কোনাবাড়ি, টঙ্গীর মুন্নুগেইট, পোড়াবাড়ি, সালনা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটায় সাময়িক যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, ভোগড়া বাইপাস মোড় ছাড়াও, চান্দনা-চৌরাস্তা, স্টেশনরোড, মীরের বাজার, সালনা রাজেন্দ্রপুরসহ মাওনা-চৌরাস্তা এলাকায় মঙ্গলবার থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫২০ ঘ.