ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ, এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাও রয়েছেন।
এই জালিয়াত চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তিচ্ছুদের সঙ্গে চুক্তি করেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কশিনার (এডিসি) মশিউর রহমান।
গ্রেপ্তাররা হলেন- দুদকের সহকারী পরিদর্শক মফিজুর রহমান মফিজ, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা কফিল উদ্দীন মাহমুদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী রাফায়েত সানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (এখন একই বিশ্ববিদ্যালয়ের ইভিনিং শিফটে এমবিএ করছেন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অমিতাভ চৌধুরী অমিত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী নূরুল হুদা ওরফে ডলার মাহমুদ (থাকেন জিয়া হলের ১০৩ নম্বর কক্ষে) ও হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রুবেল বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইশাতিয়াক আহমেদ পরশ ও অনুজীববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন।
সোমবার দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয় এই দশ জনকে।
সংবাদ সম্মেলনের পরে দুদকের সহকারী পরিদর্শক মফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করার পর একটি বিশেষ ধরনের ঘড়ি দেন। ১২ থেকে ১৪ হাজার টাকা দামের ওই ঘড়ির মাধ্যমেই পরীক্ষার্থীরা হলে বসে ক্ষুদে বার্তায় প্রশ্ন ও উত্তর আদান-প্রদান করেন।
এক থেকে দেড় লাখ টাকার চুক্তিতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের এভাবে উত্তর সরবরাহের কথা স্বীকার করেন মফিজ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাফায়েত সানি, আব্দুল্লাহ আল মামুন, অমিতাভ চৌধুরী অমিত ও ডলার মাহমুদ পরীক্ষার প্রশ্নের উত্তর খুঁজে দিতেন। পরীক্ষার্থীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতেন পরশ, সাজ্জাদ, হাবিব ও রুবেল। আর কফিলকে নিয়ে পুরো বিষয়টির সমন্বয় করতেন তিনি নিজে।
এই চক্রের সদস্যরা ২০০৯ সাল থেকেই এভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি করে আসছে বলে অতিরিক্ত উপ-কশিনার মশিউর জানান।
তিনি বলেন, “এদের কাছে ঘড়ির মতো দেখতে বিশেষ ধরনের একশ মোবাইল রয়েছে। তাতে ধারণা করা যায়, প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা শ’খানেক শিক্ষার্থীকে এভাবে উত্তর সরবরাহ করতেন।”
সোমবার সন্ধ্যা রাত পৌনে ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গত ১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ এই ঘড়ির মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধরা পড়ে। সেদিন পরীক্ষা শুরুর পরপরই ঘড়ি সদৃশ মোবাইলে এসএমএসে এক পরীক্ষার্থীর কাছে উত্তর আসলে তাকে আটক করেন পরিদর্শকরা। তাকে ছাড়াতে এক ছাত্রলীগকর্মী কেন্দ্রে গেলে তাকেও আটক করা হয়।
অবশ্য পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয় প্রশাসন।
এরপর ১৯ অক্টোবর একই বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে এক পরীক্ষার্থী ও দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।
ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে আটকে রেখে টাকা আদায়ের সময় গোয়েন্দা পুলিশ তিন জনকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৪৫০ ঘ.
bdnews24