২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম আদালত সংশোধন আইন মন্ত্রিসভায় অনুমোদন

বিচারকের সংখ্যা তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন এবং ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দিয়ে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকের সংখ্যা তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন এবং ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দিয়ে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হচ্ছে। এ লক্ষে উপস্থাপিত ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে এ আইনের সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে গ্রাম আদালতের গঠন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে গ্রাম আদালতের সদস্য সংখ্যা তিন। এরমধ্যে একজন হলেন চেয়ারম্যান, আর বাদি ও বিবাদি পক্ষের একজন করে প্রতিনিধি আছেন। সংশোধনীর পর সদস্য সংখ্যা হবে পাঁচজন। এতে চেয়ারম্যান ছাড়াও বাদি ও বিবাদি পক্ষের দু’জন করে প্রতিনিধি থাকবেন। বাদি ও বিবাদি পক্ষের চারজনের মধ্যে দুইজন হবেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য বা সদস্যা। তবে বিচারাধীন বিষয় নারী বা শিশুর স্বার্থসংশ্লিষ্ট হলে প্রতিনিধিদের মধ্যে একজন নারী থাকবেন। বিদ্যমান আইনে গ্রাম আদালত ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। সংশোধিত আইনে তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। মিথ্যা অভিযোগের কারণে বাদির বিরুদ্ধে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে সংশোধিত আইনে। বর্তমান গ্রাম আদালত আইনে বাদি ও বিবাদির মধ্যে সমস্যার সমাধানে মধ্যস্থতার সুস্পষ্ট কোনো বিধান নেই। সংশোধিত আইনে এ বিষয়ে নতুন একটি ধারা সংযুক্ত করা হয়েছে। কোনো বিষয়ে বিচারকম-লীর চার সদস্যের দু’জন করে দু’পক্ষে ভোট দিলে কিংবা কোনো সদস্য অনুপস্থিত থাকলে চেয়ারম্যানের ভোট দেয়ার (কাস্টিং ভোট) ক্ষমতা রাখা হচ্ছে সংশোধিত আইনে। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, গ্রাম আদালতে দায়ের করা দেওয়ানি ও ফৌজদারি মামলা অন্যত্র স্থানান্তরের সুযোগ ছিলো না। এ আইন পাস হলে আদালতের চেয়ারম্যান মামলা অন্যত্র স্থানান্তর করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০১ ঘ.