কুমিল্লা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার লাকসামে ট্রাকচাপা পড়ে মোটরসাইকল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
রোববার রাত দেড়টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের চাঁদতারায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুর্ব লাকসামের অসীম সাহার ছেলে সোহেল সাহা (২০), উত্তর লাকসামের বিনোদ সাহার ছেলে অরুণ সাহা (২২) ও একই এলাকার রমনী বর্মনের ছেলে সোহাগ বর্মন (২২)।
লালমাই হাইওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, এই তিন যুবক লাকসামের মোদাফরগঞ্জের বিভিন্ন পূজা ম-প ঘুরে দেখে ফিরছিলেন। পথে চাঁদতারা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১২৪৩ ঘ.
bdnews24