২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশোভন আচরণতাজুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: ট্রাইব্যুনাল

আদালতে ‘অশোভন আচরণ’ করায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে ‘অশোভন আচরণ’ করায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার জামায়াত আমীর মতিউর রহমান নিজামীর মামলার শুনানি চলাকালে তাজুল বিচারকের অনুমতি না নিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এই আদেশ দেন। তাজুল ইসলামকে আগামী ১৫ দিনের মধ্যে এর জবাব দিতে বলেছেন বিচারক। এ মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান মিছবাহুর রহমান চৌধুরীর জেরার সময় রোববার প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবী ও সাক্ষীর মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাজুল ইসলাম অভিযোগ করেন, সাক্ষী তাকে আদালতের সামনে হুমকি দিচ্ছেন। তিনি নিরাপত্তা চান। পরে প্রসিকিউটর ও বিচারকদের উদ্যোগে দুই পক্ষ শান্ত হয়। সোমবার মামলার কার্যক্রম শুরুর পর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে আগের দিনের ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিচারক জানান এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে। কিন্তু এরপরও তাজুল বলেন, আদালত এ ব্যাপারে ব্যবস্থা না নিলে তিনি বেরিয়ে যাবেন। উত্তরে বিচারক জানান, এ ধরনের আচরণ আইনজীবী করতে পারেন না। এরপর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নেয়ায় আদালত কক্ষ থেকে বেরিয়ে যান তাজুল ইসলাম। তার এমন আচরণের পর ট্রাইব্যুনাল কারণ দর্শানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১১৫০ ঘ.