২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল কাশিমপুর কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতাকে বুধবার দুপুর পৌনে ২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে কাশিমপুর কারাগারে ঢোকানো হয়।

কাশিমপুরের কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, ফখরুলকে কারাগারের সুরমা ভবনে রাখা হয়েছে।

বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিবকে কাশিমপুরে স্থানান্তরের খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা কারাফটকে জড়ো হতে থাকেন। প্রিজনভ্যানটি কারাগারে ঢোকার সময় নেতাকর্মীরা মির্জা ফখরুলের মুক্তি দাবিতে স্লোগান দেয়।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও স্বজনরাও কারা ফটকে ছিলেন।

রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, “দেশশকে অস্থিতিশীল করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের উচিৎ মির্জা ফখরুলকে ছেড়ে দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা।”

১৮ দলীয় জোটের অবরোধ চলার সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোমবার সন্ধ্যায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন হেফাজতে চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেয়।

ফখরুলের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

এর আগে পল্টনে ও সচিবালয়ের সামনে গাড়ি পোড়ানো ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর ফখরুলকে ২৯ সেপ্টেম্বর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৮১০ ঘ.