ফখরুলের বিরুদ্ধে মামলা বানোয়াট: বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাকে ‘বানোয়াট’ বলে দাবি করেছে তার দল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাকে ‘বানোয়াট’ বলে দাবি করেছে তার দল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর যে মামলা করা হয়েছে, সেই গাড়ির চালক মো. আয়নাল নিজেই জানেন না যে তিনি বাদি। তার স্বাক্ষর জাল করে ওই মামলা করা হয়েছে।”
“মামলায় বিবরণীতে যে গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে, সেই গাড়িটির চালক আয়নাল নন। এতেই প্রমাণ হয়- মামলাটি হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন।”
অবিলম্বে মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তরিকুল বলেন, “ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে সরকার কেবল একটি মামলা করে ক্ষান্ত হয়নি। তাকে ষড়যন্ত্রমূলক আরও অসংখ্য মামলায় হুকুমের আসামী করার অপচেষ্টা চালাচ্ছে সরকার ।”
গত সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরুনোর পর মির্জা ফখরুলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার দুটি মামলায় ফখরুলকে মহানগর হাকিম আদালতে হাজির করার পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় বিচারক।
১৮ দলের অবরোধের সময় ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে রোববার রাতে ফখরুলের বিরুদ্ধে পল্টন থানার মামলাটি করেন মো. আয়নাল নামে সিটি কর্পোরেশনের এক গাড়িচালক।
এতে ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানায় আরেকটি মামলায় ফখরুলের বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
রোববারের অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় ৩৮টি মামলা হয়। এর প্রায় সব কটিতেই ফখরুলকে আসামি করা হয়েছে।
চলতি বছরের প্রথম ভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল ফখরুলকে। ওই মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান তিনি।
