কারখানায় ‘মান’ পূরণের তাগিদ প্রধানমন্ত্রীর
তৈরি পোশাক খাতের সম্ভাবনা ধরে রাখতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন।
তৈরি পোশাক খাতের সম্ভাবনা ধরে রাখতে ক্রেতাদের বেঁধে দেয়া মান (কমপ্লায়েন্স) পূরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাটেক্সপো-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের গার্মেন্টস খাতের ব্যাপক সম্ভাবনার কথা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এমন সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না। ক্রেতাদের কমপ্লায়েন্স পূরণে তৎপর থাকবেন।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিজয়ের মাসে ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধা এবং দুই লাখ সম্ভ্রম হারানো নারীদের স্মরণ করেন।
রপ্তানি খাতে তৈরি পোশাক খাতের অবস্থান তুলে ধরে সরকার প্রধান বলেন, “আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্বমন্দা সত্ত্বেও আরএমজি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে।”
গার্মেন্টস ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। কর্মসংস্থান করছেন। আপনাদের আয়-উন্নতিও ভাল হচ্ছে। নিজেরাও যথেষ্ট অর্থশালী হচ্ছেন। শ্রমিকদেরও বেশি করে বেতন-ভাতা দেন। তারাই মূল উৎপাদন করেন। তাদের ভালো-মন্দ আপনাদের দেয়া উচিত। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।”
তিনি শ্রম আইন মেনে চলতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
কোনো শ্রমিক জেনেশুনে কারখানায় আগুন দিতে পারে না- এমন মন্তব্য করে সরকার প্রধান বলেন, “যে কারখানা থেকে ভাত কাপড়ের সংস্থান হয়- তা তারা ধ্বংস করতে পারে না। তবে, এখানে বিশেষ খেলা হচ্ছে।”
বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। চীন ও ২৭-দেশের ইউরোপীয় ইউনিয়নের পরই তৃতীয় স্থানে বাংলাদেশ। বিশ্ব রপ্তানির প্রায় ৫ শতাংশ বাংলাদেশ থেকে যায়।
ইউরোজোনে আর্থিক সঙ্কটের কারণে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা নতুন বাজার অনুসন্ধান করছি। ইতোমধ্যে কানাডা, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন, মেক্সিকো, ব্রাজিলসহ কয়েকটি দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে।”
তৈরি পোশাক খাতের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন।
বিজিএমইএ’কে কান্ট্রি অব অরিজিন সনদ ইস্যু করার ক্ষমতা দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সামর্থ্য বাড়াতে পারলে তাদেরকে আরো দায়িত্ব দেয়া হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রমিকদের উন্নয়নে আরো যতœবান হতে তৈরি পোশাক ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু হলে উৎপাদনশীলতা বাড়বে বলে মন্তব্য করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বিজিএমইএয়ের সভাপতি মো. শফিউল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, এই খাতের বিষয়ে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতায় কখনো ব্যাঘাত ঘটেনি।
তবে ব্যবসাকে স্থিতিশীল করতে সুদের কার এক অঙ্কে নামিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান শফিউল।
সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কথা উল্লেখ করে বলেন, “ঢাকার বাইরের কারখানায় পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না।”
এ ছাড়া ব্যাংক সুদের হার কমানো এবং শহরের বাইরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতেই তাজরিন গার্মেন্টে অগ্নিকা-ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাটেক্সপোর উদ্বোধনী ঘোষণার পর শেখ হাসিনা গার্মেন্ট ব্যবসায়ীদের বিজিএমইএ পদক বিতরণ করেন।
