বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ
অবরোধের সময় পুরান ঢাকায় বিশ্বজিত দাস নামের এক যুবককে হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
অবরোধের সময় পুরান ঢাকায় বিশ্বজিত দাস নামের এক যুবককে হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে ওই ঘটনার পর গণমাধ্যমে ‘দোষী’ হিসাবে যাদের নাম এসেছে তারাসহ দায়ী কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
সাপ্তাহিক সপ্তবর্ণা নামে এক পত্রিকার সম্পাদক নাজিম আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ফৌজদারি কার্যবিধিতে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দাখিল করেন।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে অবরোধ সমর্থক ও বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর কয়েকজন যুবকের পিটুনি ও ছুরিকাঘাতে নিহত হন শাঁখারিবাজারের দর্জির দোকানি বিশ্বজিত। পরদিন গণমাধ্যমের খবরে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা ওই হামলা চালায়।
একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনের বরাত দিয়ে নাজিম আহমেদের আবেদনে বিশ্বজিত হত্যায় জড়িত হিসাবে রফিকুল ইসলাম, মীর মো. নূরে আলম, মাহফুজুর রহমান, ওবায়দুল কাদের, এমদাদুল হকের নাম উল্লেখ করা হয়। এদের সঙ্গে অন্য আসামিদের গ্রেপ্তারের আর্জিও জানানো হয় আবেদনে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার পুলিশ সুপার, সূত্রাপুর থানার ওসি ও উপ-পরিদর্শক জালাল আহমেদকে বিবাদি করা হয়।
আদালতে আবেদনকারী পক্ষে ইউনুস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। এ ছাড়াও আদালতের আহ্বানে বক্তব্য দেন আইনজীবী (সাবেক বিচারপতি) একেএম শফিউদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি কেএম সাইফুদ্দিন ও শ ম রেজাউল করিম।
শুনানি শেষে আদালত বিশ্বজিত হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে বিবাদিদের নির্দেশ দেয়। আর তা না পারলে ‘কেন গ্রেপ্তার করা সম্ভব হলো না’ তা ১৩ ডিসেম্বর আদালতকে জানাতে হবে।
একইসঙ্গে হত্যাকারীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সেজন্য দেশের সব বিমান, নৌ ও স্থল বন্দরে নির্দেশনা পৌঁছে দিতে এবং প্রয়োজনীয় ব্যবেস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।
শুনানির সময় কালেরকণ্ঠে প্রকাশিত প্র্রতিবেদনও উপস্থাপন করেন আবেদনকারীর আইনজীবী। আবেদনে উল্লেখ করা পাঁচজনের সঙ্গে ‘জড়িত’ অন্য আসামিদের গ্রেপ্তারেরও আর্জি জানান তিনি।
হতাকাণ্ডে জড়িত অভিযোগে গণমাধ্যমে যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারের বিষয়ে আদালত একটি রুলও জারি করে।
শুনানিতে ইউনুস আলী আকন্দ বলেন, “পাশেই পুলিশ দায়িত্বরত থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিতকে রড-চাপাতি দিয়ে কোপায়। কিন্তু পুলিশ তাকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। পাশেই অবস্থিত ন্যাশনাল হাসপাতাল থাকলেও তারা আহত বিশ্বজিতকে সেখানে নেওয়ার কোনো ব্যবস্থা করে নাই। পরে একজন রিকশাওয়ালা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন রক্ষা ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের হলেও এক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
“যারা কোপাচ্ছে, পেটাচ্ছে তাদের ছবিসহ পত্রিকায় নাম এসেছে। এরপরও ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেনি পুলিশ। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এদেরকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই।”
একেএম শফিউদ্দিন বলেন, গণমাধ্যমে যাদের নাম এসেছে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। এদের বাইরে আরো লোক জড়িত থাকতে পারে। জড়িতদের ছাড় দেওয়া যাবে না।
কেএম সাইফুদ্দিন বলেন, এটা মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় জড়িতদের ফাঁসি হওয়া উচিত।
শ ম রেজাউল করিম বলেন, “ওইদিন রাতে একটি টিভি চ্যানেলের টকশো’তে অংশ নিতে গিয়ে ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখি। তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। মিডিয়ায় তাদের ছবি আছে। তাদের চিহ্নিত করা সমস্যা নয়।”
তিনি বলেন, জড়িতরা ছাত্রলীগ, যুবলীগ বা ইসলামী ছাত্র শিবির- যে দলেরই হোক না কেন কেউ আইনের উর্ধ্বে নয়। জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।
আদালতের ওই আদেশের কয়েক ঘণ্টা আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দাবি করেন, অবরোধের দিন বিশ্বজিৎ দাসকে হত্যায় জড়িতরা কেউই ছাত্রলীগে ‘সক্রিয়’ নয়। তাদের অনেক আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
“বহিষ্কৃতরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। জড়িতদের মধ্যে ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও সনাক্ত করা হয়েছে। তাদের আজকের মধ্যেই গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে।”
তবে মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বিশ্বজিত হত্যা মামলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেননি।
“আমরা ভিডিও ফুটেজ ও পত্রিকার ছবি দেখে ছয়জনকে সনাক্ত করেছি। তাদের নাম ঠিকানাও পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদের মধ্যে কয়েকজেন শিক্ষার্থী রয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
