রোকেয়া দিবসে অবরোধে প্রধানমন্ত্রীর ‘ধিক্কার’
রোকেয়া দিবসে অবরোধ কর্মসূচি পালন করায় বিরোধীদলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানানোর জন্য নারী সমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোকেয়া দিবসে অবরোধ কর্মসূচি পালন করায় বিরোধীদলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানানোর জন্য নারী সমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার দুপুরে বেগম রোকেয়া পদক-২০১২ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই দিনে বিরোধীদল কর্মসূচি দিয়ে বেগম রোকেয়ার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করেছে। বেগম রোকেয়ার প্রতি সম্মান প্রদর্শন না করার জন্য আমি নারী সমাজকে বিরোধীদলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানানোর আহবান জানাচ্ছি।”
উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে নয় ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘রোকেয়া দিবস’ পালন করা হয়।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টার রাজপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অবরোধ চলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একদিনের সিরিজ জয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কালকে (শনিবার) আমাদের টাইগাররা দুর্র্ধষ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। কোথায় বিরোধীদল বিজয় মিছিল কবরে, না তারা গাড়ি পুড়াচ্ছে।”
“মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তারা (বিরোধীদল) উৎসবও করতে পারছে না। এটা দুঃখজনক। তারা চায় কী”, যোগ করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত এই অনুষ্ঠানে নারী শিক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, আর্থ সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপিকা মাহফুজা খানম এবং নারীর অধিকার প্রতিষ্ঠা ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সৈয়দা জেবুন্নেসা হককে ‘রোকেয়া পদক’ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বলেন, “যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। যারা গ্রামের পর গ্রাম লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, যারা আমাদের কচি কচি মেয়েদের হানাদারদের হাতে তুলে দিয়েছে- তাদের বিচার শুরু করেছি। তাদের বিচার হবে।”
বক্তব্যের শুরুতেই বিজয়ের মাসে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীকে স্মরণ করে প্রানমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নারীরা যুদ্ধ করেছেন। জীবন ও সম্ভ্রমের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছেন। দেশের নারী সমাজের এ অবদান জাতি কখনই ভূলবে না।"
নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “তিনি উপলব্ধি করেছেন শিক্ষা বিস্তারেই নারীর আত্মমর্যাদা ও ক্ষমতায়ন, তথা মুক্তি সম্ভব। এজন্য, তিনি লিখেছেন, ‘তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক’।”
“উনি (বেগম রোকেয়া) যদি রক্ষণশীলতার বেড়া ভেঙে এগিয়ে না আসতেন, তাহলে আমাদের কী অবস্থা হতো- চিন্তা করি”, যোগ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা নারীদের উদ্দেশ্যে বলেন, “কেউ হাতে তুলে দেয় না। নারীকে আপন ভাগ্য জয় করতে হবে। নারী জাতিকে মাথা তুলে দাঁড়াতে হবে। এজন্য, প্রস্তুতি নিতে হবে।”
বাংলাদেশের সরকার প্রধান, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের উপনেতা নারী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অনেক উন্নত দেশে নারী রাষ্ট্রপ্রধান হয়নি। তারা এতই রক্ষণশীল যে, নারী প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। আগামীতে ক্ষমতায় আসলে নারী স্পিকার করা হবে। ভারত ও পাকিস্তান এক্ষেত্রে এগিয়ে। আমরা পিছিয়ে থাকবো কেনো ?”
জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ প্রণয়নসহ নারীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন সভা, সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ বাহিনীসহ প্রতিটি ক্ষেত্রে নারীর বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সকল ক্ষেত্রে নারী প্রতিনিধি সৃষ্টি করছি।”
এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীও বিরোধীদলের সমালোচনা করে বলেন, “এই দিনে বিরোধীদলের কর্মসূচি নারী ক্ষমতায়নের উদ্যোগকে ম্লান করে দেয়। আমরা ভেবেছিলাম, এই দিনে বিরোধীদল তাদের কর্মসূচি থেকে দূরে থাকবে। তবে, বিরোধীদল সেই উদারতা দেখাতে পারেনি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তারিক-উল-ইসলাম।
