২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইকনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়’

আদালতের কাজে হস্তক্ষেপ ও বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় প্রভাবশালী ব্রিটিশ সাময়িকি ইকনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

আদালতের কাজে হস্তক্ষেপ ও বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় প্রভাবশালী ব্রিটিশ সাময়িকি ইকনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইকনোমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধানকে তিন সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন।

আদেশে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আদালতের কর্মপদ্ধতি ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে ব্রাসেলসনিবাসী ড. আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে বিভিন্ন তথ্য ও সাহায্য নিয়ে আসছিল ট্রাইব্যুনাল। তার সঙ্গে যোগাযোগ হতো মূলত ই মেইল ও স্কাইপের মাধ্যমে।

কয়েকদিন আগে বিচারক বুঝতে পারেন যে তার ই মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট আক্রান্ত (হ্যাকড) হয়েছে।

এরপর বুধবার এক ব্যক্তি টেলিফোন করে ইকনোমিস্টের সাংবাদিক পরিচয় দিয়ে বিচারকের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান। ওই ব্যক্তি বলেন, ই-মেইল ও স্কাইপের মাধ্যমে বিচারক যেসব তথ্য আদান প্রদান করেছেন তা তার হাতে রয়েছে।

এভাবে বিচারকের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন, ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং বিচারককে টেলিফোন করে প্রশ্ন করার অভিযোগে কেন ইকনমিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না আদেশে তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল।