২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

টানা দ্বিতীয় দিনের মতো আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পোশাক শ্রমিকরা। ছুটি ঘোষণা করা হয়েছে অন্তত ৩৫টি কারখানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

টানা দ্বিতীয় দিনের মতো আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পোশাক শ্রমিকরা। ছুটি ঘোষণা করা হয়েছে অন্তত ৩৫টি কারখানায়।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক গোলাম রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে জামগড়া বাসস্ট্যান্ডে শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিলে জিরাবো, কাঠগড়া, পুকুরপার, নরসিংহপুর, বেরন, বাইপাইল ও জামগড়া এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চাইলে বিক্ষোভকারীরাও পাল্টা ঢিল ছোড়ে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার অন্তত ৩৫টি কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হলে সেসব কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেয়।

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাবচল দারুণভাবে ব্যহত হয় বলে শিল্প পুলিশের পরিচালক জানান।

তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পুরো শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।”

রোববারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার পোশাক শ্রমিক। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক লোক আহত হন।

উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় রোববার ছুটি ঘোষণা করা হয়।

গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুন লেগে অন্তত ১১০ জন নিহত হওয়ার পর থেকেই এ এলাকার শ্রমিক অসন্তোষ চলছে। গত সোমবার থেকে প্রায় প্রতিটি কার্যদিবসেই বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ফলে গত সপ্তাহে চারদিন আশুলিয়ার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

দেশের প্রায় সাড়ে তিন হাজার পোশাক কারখানার মধ্যে আশুলিয়াতেই রয়েছে সাড়ে তিনশর বেশি।