২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিন কর্মীদের বেতন ৬ ডিসেম্বরের মধ্যে: মন্ত্রী

শ্রমিকদের তালিকা নিয়ে সন্দেহ থাকায় শনিবার বেতন পরিশোধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনসের কর্মীদের বেতন আগামী ৬ ডিসেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

শনিবার এই বেতন পরিশোধের কথা থাকলেও শ্রমিকের তালিকা নিয়ে সন্দেহ ওঠায় তা দেয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শ্রমিকদের তালিকা যাচাই করে নতুন তালিকা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।

“আগামী ৩ ডিসেম্বর এ তালিকা প্রস্তুত করার পর ৪ ডিসেম্বর মালিকপক্ষ ও অন্যদের সঙ্গে বৈঠক করে তা চূড়ান্ত করা হবে, পরে ৬ ডিসেম্বরের মধ্যে বেতন দেয়া হবে।”

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেতন নিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর বিদ্যালয় মাঠে জড়ো হয়েছিলেন তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা। তবে তাদের বেতন দেয়া হয়নি।

মন্ত্রী বলেন, “ওই কারখানায় ১ হাজার ১৬৬ জনের মতো শ্রমিক থাকার কথা থাকলেও গতকাল প্রায় ৩ হাজার ৩০০ শ্রমিককের ভুয়া তালিকা দেয়া হয়েছিল।”

অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ থাকা তাজরিনের শ্রমিকরা চার মাসের বেতন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। শনিবার তারা এই দাবি তুললেও কোনো রফা হয়নি।

মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ৩ মাস ১৩ দিনের বেতন-ভাতা ও এক মাসের বেতন দেয়ার কথা রয়েছে।

শ্রমিকদের দাবি মেনে চারমাসের বেতন দিতে মালিকপক্ষ ও অন্যদের ‘চাপ’ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শ্রমমন্ত্রী একইসঙ্গে বলেন, “তবে তাজরিন বন্ধ হয়নি এবং পোশাক শ্রমিকদের চাকরিও চলে যায়নি।”

তাজরিনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে পোশাক কারখানার নিরাপত্তার জন্য মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কিছু শর্ত চূড়ান্ত করা হবে বলে জানান রাজিউদ্দিন।

“কারখানা পরিদর্শনে একটি কমিটি করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে আমি এবং সচিব কারখানা পরিদর্শনে যাব।”

গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন করার প্রক্রিয়া চলছে, এ ফেডারেশনের মাধ্যমে শ্রমিকদের দাবি দাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা তুলে ধরতে প্রতিটি গার্মেন্টস থেকে একজন করে প্রতিনিধি থাকবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রমমন্ত্রী। তার সঙ্গে শ্রম সচিব মিকাইল সিফারও ছিলেন।

মন্ত্রী বলেন, তাজরিনের ঘটনা পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

মজিনা বলেন, তাজরিনে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তিনি শোক প্রকাশ করছেন।

পোশাক খাতে ট্রেন ইউনিয়ন চালুর বিষয়ে অবস্থান জানতে চাইলে তিনি বলেন, মালিকপক্ষ ও শ্রমিকরা কাজের একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের কথা বলার একটি জায়গা তৈরি হবে।