২ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, যারা গরু ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, যারা গরু ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্ত থেকে শুক্রবার রাতে তাদের ধরে নেয়া হয় বলে বিজিবি জানিয়েছে।
সীমান্তে গরু বাণিজ্য বৈধ করার পক্ষে তার এক দিন আগেই মত প্রকাশ করেছিলেন বিএসএফ প্রধান ইউ কে বানসাল।
অপহৃত দুই যুবক হলেন- রবিউল ইসলাম (২৪) ও সিরাজুল ইসলাম (২৬)। দুজনেরই বাড়ি বালিয়াডাঙ্গীর রতœাই-কাশীবাড়ি গ্রামে।
বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন গরু ব্যবসায়ী মণ্ডুমালা সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলারের ওপারে গেলে বিএসএফ তাদের ধাওয়া করে।
“বিএসএফ রবিউল ও সিরাজুলকে ধরে নিয়ে যায়। বাকিরা পালিয়ে আসে,” বলেন তিনি।
ঠাকুরগাঁও বিজিবির ৩০ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং খোঁজ-খবর নিয়ে পদক্ষেপ নিচ্ছেন।
