২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু বাণিজ্য বৈধ করার পক্ষে বিএসএফ প্রধান

সীমান্তে গরু বাণিজ্য বৈধ করার পক্ষে মত দিয়েছেন বিএসএফ প্রধান ইউ কে বানসাল, সীমান্তে বাংলাদেশিদের প্রাণ হারানোর ক্ষেত্রে অবৈধভাবে এই গরু আনতে যাওয়াকে মূল কারণ হিসেবে মনে করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

সীমান্তে গরু বাণিজ্য বৈধ করার পক্ষে মত দিয়েছেন বিএসএফ প্রধান ইউ কে বানসাল, সীমান্তে বাংলাদেশিদের প্রাণ হারানোর ক্ষেত্রে অবৈধভাবে এই গরু আনতে যাওয়াকে মূল কারণ হিসেবে মনে করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিদায়ী প্রধান এই পরামর্শ দেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে গরু বেচা-কেনা বন্ধের উপায় জানতে চাইলে তিনি বলেন, নজরদারি বাড়িয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মনে করেন না।

“বরং এই ব্যবসাটি বৈধ করে দিলে তা নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।”

সীমান্তে বাংলাদেশি হত্যার জন্য ব্যাপকভাবে সমালোচিত বিএসএফ এবং নিহত বাংলাদেশিদের অধিকাংশই গরু আনতে গিয়ে প্রাণ হারান।

ঢাকার একটি মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী, গত এক দশকে বিএসএফের হাতে এক হাজারের বেশি বাংলাদেশি নিহত হয়েছে। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় প্রায় এক হাজার জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ নভেম্বর সংসদে জানান, ২০০৬ সাল থেকে এই পর্যন্ত অন্তত ২৬১ জন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন।

সীমান্তে এই গরু বাণিজ্য বৈধ না হলেও দেশে মাংসের প্রচুর চাহিদার কারণে অবৈধ কাজটি বাংলাদেশের প্রশাসন উপেক্ষা করে যায় বলে ভারতের গণমাধ্যমের মত।

শেখ হাসিনার সংসদে বলেছিলেন, “এখানে (সীমান্তে) অনেক কারণে (হত্যাকাণ্ড) ঘটে। তা আমি বলতে চাই না, তা নিজেদের ওপর গিয়েই পড়ে।”

ভারত সরকারের এক হিসাবে দেখা যায়, ২০১০ সালে বিএসএফের গুলিতে ৩২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছে।

বিএএসএফের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “বাংলাদেশে চাহিদার কারণে লাভজনক হওয়ায় অবৈধ এই বাণিজ্য শুধু বাহিনী দিয়ে বন্ধ করা সম্ভবপর নয়।”

তার হিসাবে, প্রতি বছর অন্তত ৭ লাখ গরু অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকে।